Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। তার দাবি, সারা দেশের মানুষ আগে থেকেই জানতেন নির্বাচনের ফল কী হতে যাচ্ছে। তাই তিনি এই প্রক্রিয়াকে নির্বাচন হিসেবে বিবেচনা করেননি।

রুমিন ফারহানা আরও বলেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আন্দোলন রয়েছে। সংসদ সদস্যরা দলের সদস্য হলেও যাতে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারেন, সেই অধিকার থাকা উচিত। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তার প্রশ্ন, ভোটের পরই যদি ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের সময় সেই অধিকার কেন দেওয়া হলো না।

ভোট না দেওয়ার তৃতীয় কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, সব রাজনৈতিক দল চাইলে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারত। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালে বলেছিলেন এবং দলটির ৩১ দফাতেও বিষয়টি রয়েছে। কিন্তু এসব বিষয়ে কার্যকর কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সবকিছু বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে তিনি ‘প্রহসন’ মনে করেছেন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তিনি সেই প্রক্রিয়ার অংশ হতে চাননি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এই সংসদ সদস্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ