অব্যবহৃত মোবাইল ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল
মোবাইল ইন্টানেটের অব্যবহৃত ডাটা, মিনিট এবং এসএমএস ক্রয়কৃত পরবর্তী ডাটা, মিনিট ও এসএমএস প্যাকেজের সঙ্গে কেনো অন্তর্ভূক্ত করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ। এ বিষয়ে করা একটি রিটের শুনানি করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রোববার (১৬ ফেব্রুয়ারি) এ রুল জারি করে।
আগামী চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মিজানুর রহমান কায়েস। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১ কোটি ৩১ লাখ গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। আইনে আছে, মোবাইল ফোনের অব্যবহৃত ডাটা ক্রয়কৃত পরবর্তী ডাটার সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু মোবাইল ফোনের জন্য ক্রয়কৃত ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস অব্যবহৃত থেকে গেলেও সেই ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তীতে আর ব্যবহার করা যায় না।
তিনি বলেন, ‘মোবাইল কোম্পানিগুলোর কোনোটিই বিটিআরসির আইন মানছে না। তারা যা ইচ্ছা তাই করছে। মোবাইল ফোন কোম্পানিগুলোর এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য গত ১৩ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। তারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত মাসে আমি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করি। হাইকোর্ট রুল জারি করেছেন আজ।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে