Views Bangladesh Logo

প্রথমবার ৮ বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হচ্ছে বরিশাল

প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর অংশ হিসেবে এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নের কথা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট, এই সাতটি শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় সভায় বরিশালকেও পরীক্ষার কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিটের মাধ্যমে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। পরদিন ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। ভর্তি উপকমিটির প্রস্তাবিত সূচি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর চূড়ান্ত হবে। আবেদন গ্রহণের সময়সীমা ১২ থেকে ২৭ নভেম্বর নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ করতে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষার কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল যুক্ত হলে এবার দেশের আট বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ