যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপক স্থায়ী বরখাস্ত
যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, অধ্যাপক প্রভাষের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছিল। উচ্চতর তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট তাঁকে স্থায়ীভাবে বরখাস্তের অনুমোদন দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে এক ছাত্রী অভিযোগ করেন যে, উপস্থিতির নম্বর ও পরীক্ষার প্রস্তুতি বিষয়ে জানতে তাঁর চেম্বারে গেলে অধ্যাপক প্রভাষ প্রশ্নপত্র দেখানোর কথা বলে অশোভন আচরণ করেন, কুরুচিপূর্ণ প্রস্তাব দেন এবং একাডেমিক অনিয়মে জড়ান। পরে শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগের পর তদন্ত শুরু হয় এবং শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
তবে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং তাঁকে একতরফাভাবে ফাঁসানো হয়েছে। তাঁর অভিযোগ, তদন্তে প্রতিনিধি দেওয়ার সুযোগ চাইলেও প্রশাসন সাড়া দেয়নি এবং তিনি ন্যায়বিচার পাননি।
মতামত দিন