Views Bangladesh Logo

রোনালদো–মদরিচ দ্বৈরথের উন্মাদনা, টিকিটের দাম ছাড়িয়েছে ৩ হাজার ডলার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়ার বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। মাঠে খেলা শুরুর আগেই দর্শকদের আগ্রহ এমন পর্যায়ে পৌঁছেছে যে পুনর্বিক্রয় (রিসেল) বাজারে ম্যাচের টিকিটের দাম ৩ হাজার মার্কিন ডলারেরও বেশি হয়ে গেছে।

টিকিটের মূল্য বিশ্লেষণকারী ওয়েবসাইট টিকিটডাটার তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত রিসেল প্ল্যাটফর্মে এই ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ২২৫ মার্কিন ডলার। বিশ্বকাপের শেষ ৩২-এর সব ম্যাচের মধ্যে এটিই এখন সবচেয়ে ব্যয়বহুল টিকিট।

গ্রুপ পর্ব শেষে ‘কে’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ক্রোয়েশিয়া। ফলে আগামী ৩ জুলাই (বাংলাদেশ সময়) টরন্টোতে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল।

এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই কিংবদন্তি—ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার পর এবার বিশ্বকাপের নকআউটে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হচ্ছেন তারা। দুই অভিজ্ঞ তারকার সম্ভাব্য শেষ বিশ্বকাপ হওয়ায় ম্যাচটির গুরুত্ব আরও বেড়েছে।

স্টাবহাব ও ভিভিডের মতো রিসেল প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে টিকিটডাটা জানিয়েছে, পর্তুগালের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর থেকেই এই ম্যাচের টিকিটের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর অন্যতম কারণ ফিফার নতুন ডায়নামিক প্রাইসিং ব্যবস্থা, যেখানে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের মূল্যও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রে কনসার্ট ও বড় ক্রীড়া ইভেন্টে এ ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি বহুদিন ধরেই চালু রয়েছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক বিশ্লেষণে উল্লেখ করেছিল, টিকিট ও আবাসন ব্যয়ের লাগামহীন বৃদ্ধির কারণে এবারের বিশ্বকাপ ক্রমেই উচ্চ আয়ের দর্শকদের জন্য বেশি সহজলভ্য হয়ে উঠছে। ফলে বিশ্বকাপের দর্শকগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক বৈচিত্র্যও আগের তুলনায় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোনালদো–মদরিচের এই মহারণ তাই শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের আগ্রহ ও বাণিজ্যিক মূল্য—দুই দিক থেকেই বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচে পরিণত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ