পর্তুগালের অভিযান শুরু, ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে রোনালদোরা
২০২৬ ফিফা বিশ্বকাপে আজ শুরু হলো পর্তুগালের শিরোপা জয়ের মিশন। গ্রুপ ‘কে’-এর ম্যাচে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডিআর কঙ্গোর মুখোমুখি ইউরোপের শক্তিশালী দলটি। যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হওয়া ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে এটি হতে পারে কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ যাত্রার সূচনা।
বিশ্বকাপের অন্যতম আলোচিত দল পর্তুগাল এবারও তারকাবহুল স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে। কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দলটির নেতৃত্বে আছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো কিংবা গনসালো রামোস। মাঝমাঠে দলের ছন্দ নিয়ন্ত্রণে আছেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া এবং হোয়াও নেভেস। রক্ষণভাগে আস্থা রাখার জন্য মাঠে আছেন রুবেন দিয়াস ও নুনো মেন্ডেসের ওপর, আর গোলবার সামলাবেন দিওগো কস্তা।
অন্যদিকে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। দলটির আক্রমণভাগে নজর থাকবে সেড্রিক বাকাম্বু ও ইয়োয়ানে উইসার মতো খেলোয়াড়দের দিকে। মাঝমাঠে অভিজ্ঞ গায়েল কাকুতা এবং রক্ষণে শ্যান্সেল মবেম্বার উপস্থিতি দলটিকে বাড়তি শক্তি যোগাবে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইবে উভয় দল। তবে কাগজে-কলমে এগিয়ে থাকা পর্তুগালের দিকে থাকবে সমর্থকদের বাড়তি নজর। সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলারের ক্যারিয়ারে প্রায় সব অর্জনই আছে, নেই শুধু বিশ্বকাপ ট্রফি। তাই এই বিশ্বকাপকে ঘিরে তার এবং পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।
রাত ১১টায় বাংলাদেশ সময় ম্যাচের বাঁশি বাজতেই শুরু হয়েছে নতুন এক লড়াই। সেই লড়াইয়ে পর্তুগাল কি ফেভারিটের মর্যাদা ধরে রাখতে পারবে, নাকি ডিআর কঙ্গো ঘটাবে অঘটন- সেটাই এখন দেখার অপেক্ষা।
মতামত দিন