রোনালদো-মদ্রিচের দ্বৈরথ, শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে পর্তুগাল-ক্রোয়েশিয়া
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে হাইভোল্টেজ এই লড়াই। হারলেই বিদায়—এমন সমীকরণের ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট, আর পরাজিত দলের শেষ হবে বিশ্বকাপ স্বপ্ন।
ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। আন্তর্জাতিক ফুটবলে দুই দশকেরও বেশি সময় ধরে আলো ছড়ানো এই দুই তারকার জন্য এটি বিশ্বকাপের শেষ ম্যাচও হতে পারে। তাই ব্যক্তিগত আবেগ, অভিজ্ঞতার লড়াই এবং দলকে এগিয়ে নেওয়ার দায়—সব মিলিয়ে ম্যাচটি পেয়েছে আলাদা মাত্রা।
গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে একটি জয় ও দুটি ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নেয় পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ক্রোয়েশিয়া। সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তির বিচারে কিছুটা এগিয়ে পর্তুগাল। ফিফা র্যাঙ্কিংয়েও তারা রয়েছে অষ্টম স্থানে, যেখানে ক্রোয়েশিয়ার অবস্থান ১৩ নম্বরে।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও আত্মবিশ্বাস জোগাচ্ছে পর্তুগালকে। এখন পর্যন্ত ১০ বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়া জিতেছে মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসেও এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। অপ্টা সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ, আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯.৬ শতাংশ।
তবে বিশ্বকাপের নকআউট পর্বে কাগজ-কলমের হিসাব খুব কমই শেষ কথা বলে। এমন ম্যাচে একটি মুহূর্ত, একটি ভুল কিংবা একজন তারকার অনুপ্রেরণাদায়ী পারফরম্যান্স বদলে দিতে পারে পুরো গল্প। অভিজ্ঞতা, কৌশল, মানসিক দৃঢ়তা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় যে দল এগিয়ে থাকবে, তারাই জায়গা করে নেবে শেষ ষোলতে। সব মিলিয়ে রোনালদো ও মদ্রিচের সম্ভাব্য শেষ বিশ্বকাপ দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন তুঙ্গে।
পর্তুগালের একাদশ:
দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রোয়েশিয়ার একাদশ:
দমিনিক লিভাকোভিচ, ইয়োসিপ স্তানিসিচ, ইয়োস্কো শুতালো, মারিন পংরাচিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, পেতার সুচিচ; মার্তিন বাতুরিনা, আন্তে বুদিমির, নিকোলা ভ্লাসিচ।
মতামত দিন