পথচারীকে ছুরিকাঘাত করতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল ছিনতাইকারীর
রাজধানীর কদমতলীতে পথচারীকে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাত করতে গিয়ে নিজের সঙ্গীর ছুরির আঘাতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের কাছে দুই পথচারীকে ঘিরে ধরে তিন ছিনতাইকারী। এ সময় একজন ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরে রাখে। অন্য দুজন তার কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল।
একপর্যায়ে ওই পথচারীকে সুইচগিয়ার দিয়ে আঘাত করতে গেলে পেছন থেকে জাপটে থাকা আরেক ছিনতাইকারী ছুরির আঘাতে আহত হন। পরে দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আহত ব্যক্তি রাস্তায় পড়ে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
মতামত দিন