যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপের চালকসহ নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। রোববার (৫ মে) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন পিকআপ ভ্যানের চালক বাবুল চিশতি (৪৫)। অন্যজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক (৫০) বছর।
পুলিশ জানায়, নিহত বাবুল পিকআপ ভ্যানটির চালক ছিলেন। তার পাশের সিটে বসে থাকা ওই ব্যক্তির নাম পরিচয় ও পেশা জানা যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাবুলের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত পৌনে ২টার দিকে মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়।
জানা যায়, স্থানীয়রা পিকআপ ভ্যানের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় দুজনকে বের করে রাস্তায় রাখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় ওই বাসটিতেও কয়েকজন যাত্রী ছিলেন। তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার বাসায় চলে গেছেন।
বাবুলের স্ত্রী নার্গিস আক্তার জানান, বাবুল ভাড়ায় পিকআপ ভ্যান চালাতেন। রোবরাত রাত ১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এ সময় জানিয়েছিলেন, যাত্রাবাড়ীতে মাছের আড়তে যাবেন। সেখান থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তার। তবে ভোরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনায় মৃত্যুর খবর পান তারা।
মতামত দিন