শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে স্বপন ও রিজভীর শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছাত্রজীবন থেকেই আমরা পরস্পরের পরিচিত। তিনি আজীবন প্রগতিশীল ও ইতিবাচক রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনগণের রায়ে একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিজভী আরও আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বেও স্বপন তার মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহযোগিতা করবেন।
মতামত দিন