মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইউরোপে গ্যাসের দাম উর্ধ্বমুখী, বেড়েছে তেলের দামও
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম আবারও বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামেও উর্ধ্বগতি দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ডাচ ফিউচার্স মার্কেটে এপ্রিল ডেলিভারির জন্য প্রাকৃতিক গ্যাসের দাম সকাল ৮টা ২৫ মিনিটে ৯ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৫৩ ইউরোর ওপরে উঠে যায়। এর আগের দিন বুধবার গ্যাসের দাম ৫০ ইউরোর নিচে নেমে এসেছিল। তবে তার আগে কয়েক দিনের ব্যবধানে দাম প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং এর জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী। ওমান ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা এই কৌশলগত জলপথটি বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহের প্রধানতম রুট।
এদিকে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তেল ও গ্যাস উৎপাদন কমিয়ে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। প্রাথমিক লেনদেনে ইউরোপীয় বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম মে ডেলিভারির জন্য ব্যারেলপ্রতি ৩ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।
গত সপ্তাহান্তে সংঘাত শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার একপর্যায়ে তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১২ ডলারে ওঠে, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে