নকআউট পর্বে ব্রাজিল, খেলা দেখতে রিওতে ছুটি ঘোষণা
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফুটবল মাঠের বাইরেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নকআউট পর্বে প্রিয় দলের খেলা উপভোগ করতে ভক্তদের বাড়তি সুযোগ করে দিতে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাজিলের বিখ্যাত শহর রিও ডি জেনিরোর স্থানীয় প্রশাসন। আগামী সোমবার সেলেসাওদের শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) ম্যাচের দিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।
রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি এক ঘোষণায় জানান, সোমবার নকআউট পর্বের ম্যাচের সময় মিউনিসিপ্যাল ও রাজ্য সরকারি কর্মজীবীরা এই ঐচ্ছিক ছুটির সুবিধা পাবেন। রিও-র ভারপ্রাপ্ত গভর্নর ও বিচারপতি রিকার্দো কৌটোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রাখার পাশাপাশি হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও দৃঢ় করল সেলেসাওরা।
স্কটল্যান্ডের বিপক্ষে এই দাপুটে জয়ের পর পুরো ব্রাজিলজুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও সমর্থকদের তৈরি নানা মিম ও ঐতিহাসিক জয়ের স্বপ্নিল বার্তায় ভেসে যায়। এই উৎসবের আমেজে শামিল হয়ে মেয়র কাভালিয়েরিও ভক্তদের তৈরি বেশ কিছু মিম অনলাইনে শেয়ার করেন এবং হেক্সা জয়ের লক্ষ্যে দলের প্রতি সমর্থন ও বিশ্বাস বজায় রাখতে সবাইকে অনুপ্রাণিত করেন।
স্থানীয় সময় আগামী সোমবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে। রাউন্ড অব ৩২-এ সেলেসাওদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে জাপান, সুইডেন ও নেদারল্যান্ডসের নাম শোনা যাচ্ছে। তবে এর মধ্যে জাপানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
মতামত দিন