হাতিরঝিলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল রাইডার নিহত
রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে। তাঁর বাবার নাম মুন্না। তিনি পেশায় পাঠাও/উবার রাইডার ছিলেন এবং বর্তমানে রাজধানীর হাতিরঝিল এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে হাতিরঝিল থানাকে জানানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন