ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানালেন পাহলভি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর, দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। খবর ইরান ইন্টারন্যাশনালের।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং আরও রক্তপাত এড়াতে এখনই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়া উচিত।
পাহলভি আরও বলেন, ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন চায়।
তিনি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। খামেনির স্থলাভিষিক্ত যিনি হোক না কেন, তিনি বৈধতা পাবেন না এবং ‘অপরাধে সহযোগী’ হিসেবে গণ্য হবেন।
সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে পাহলভি বলেন, তারা যেন ‘ইরানের জনগণ এবং লায়ন অ্যান্ড সান বিপ্লবের’ পাশে দাঁড়ান।
তিনি ইরানের জনগণকে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন, রাস্তায় ব্যাপক ও সিদ্ধান্তমূলক উপস্থিতির সময় এসেছে। নিরাপত্তা বজায় রেখে স্লোগানের মাধ্যমে জনগণ যেন নিজেদের দাবি তুলে ধরে।
বিদেশে বসবাসরত ইরানিদেরও তিনি একই ধরনের আহ্বান জানান। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন তাদের প্রচেষ্টা জোরদার করে এবং ‘মানবিক হস্তক্ষেপের’ পক্ষে জনসমর্থন আরও দৃঢ়ভাবে প্রকাশ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে