না ফেরার দেশে প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। রোববার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবার সূত্রে জানা গেছে, ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি।
ভারতীয় চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা যোগেন চৌধুরী রাজনীতি ও সমাজের নানা অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক ছবি আঁকতেন। তাঁর শিল্পকর্মে ভারতীয় ও ইউরোপীয় শিল্প আন্দোলনের প্রভাব ছিল। বিভিন্ন সময়ে একাধিক দুর্গাপূজার থিমের নকশাও করেছিলেন তিনি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো নয় মাস কলকাতা ও পশ্চিমবঙ্গের যেসব কবি, লেখক ও শিল্পী বাংলাদেশের পক্ষে বিভিন্নভাবে কাজ করেছেন, যোগেন চৌধুরী ছিলেন তাঁদের একজন।
১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যোগেন চৌধুরী। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের জমিদার। মা ভালো আলপনা আঁকতেন। মায়ের কাছ থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।
দেশভাগের সময় তাঁর পরিবার কলকাতায় চলে যায়। সেখানেই তাঁর শিল্পশিক্ষার শুরু। তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফটে পড়াশোনা করেন। পরে হাওড়া জেলা স্কুলে অঙ্কন শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালে উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান।
প্যারিস থেকে ফিরে শান্তিনিকেতনের কলা ভবনে অধ্যাপক ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন যোগেন চৌধুরী। এ ছাড়া রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বও পালন করেছেন তিনি।
দেশভাগের কারণে উদ্বাস্তু হওয়া যোগেন চৌধুরীর শিল্পকর্মে সেই জীবনের ক্ষত ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে।
রাজনীতিতেও যুক্ত ছিলেন এই শিল্পী। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভারতের রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০২০ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। শিল্পকলায় অবদানের জন্য দেশে-বিদেশে বিভিন্ন সম্মাননা পেয়েছেন যোগেন চৌধুরী।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, গত ১৬ অক্টোবর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মতামত দিন