সংস্কার করা ট্রাইব্যুনালের উদ্বোধন মঙ্গলবার
নতুন করে সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আগামী মঙ্গলবার উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ওই দিন ভবনটি উদ্বোধন করবেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম রোববার (৫ জানুয়ারি) ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য নতুন করে সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উদ্বোধনের পর দৃষ্টিনন্দন এই ভবনে চলবে জুলাই-আগস্টে সংঘটিত নজিরবিহীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ।
১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরোনো হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। যেখানে বিচার চলছিল মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবাতাবিরোধী অপরাধের বিচার। তবে বিচার চলার মধ্যেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় শত বছরের পুরোনো ভবন থেকে সরিয়ে নেয়া হয় ট্রাইব্যুনাল।
পুরোনো এই ভবনের পাশেই টিনশেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। এরপর থেকে নতুন টিনশেড স্থাপনাতেই চলে আসছিল ট্রাইব্যুনালের বিচারকাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। পরে ট্রাইব্যুনালের অবকাঠামো আন্তর্জাতিক মানের করতে পুরোনো ভবনটি সংস্কারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে শুরু হয় সংস্কার কাজ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে