আবেগ দিয়ে নয়, কৌশলের সঙ্গে নিয়ন্ত্রণ করুন ডিজিটাল প্ল্যাটফর্ম
বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের জন্য সুশৃঙ্খল ডেটা গভর্নেন্স এবং ওটিটি (OTT) নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি এমনভাবে হতে হবে যাতে তা উদ্ভাবন বা ব্যবসায়িক প্রসারে নেতিবাচক প্রভাব না ফেলে। এক্ষেত্রে ডিজিটাল সাক্ষরতা, কৌশলগত প্রয়োগ এবং প্রতিযোগিতামূলক স্থানীয় অবকাঠামোর সমন্বয়ে গঠিত একটি ধারাবাহিক এবং বাজার-সচেতন পদ্ধতির মাধ্যমে রপ্তানি, ব্যবসায় উদ্যোগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ রেখে নাগরিকদের সুরক্ষা দিতে হবে।
বাংলাদেশের জন্য ডিজিটালনীতি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এখন বাণিজ্য প্রতিযোগিতা, শিল্প উৎপাদনশীলতা, শ্রমবাজারে প্রবেশাধিকার এবং জাতীয় সক্ষমতার চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে।
রপ্তানিনির্ভর, আউটসোর্সড ব্যবসায়িক প্রক্রিয়া এবং প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সনির্ভর অর্থনীতির ক্ষেত্রে যোগাযোগকে কখনোই গৌণ সেবা হিসেবে বিবেচনা করা যেতে পারে না। এটি এখন উৎপাদন কাঠামোর অংশ। এটি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, ডিজাইন অনুমোদন, কমপ্লায়েন্স রিপোর্টিং, লজিস্টিক্স তদারকি, গ্রাহক সম্পৃক্ততা, অর্থ স্থানান্তর এবং বাণিজ্যিক বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করে। ডিজিটাল চ্যানেল বিঘ্নিত হলে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আস্থার জায়গা দুর্বল হয় এবং সেটা দ্রুতই অন্যান্য খাতে প্রভাব ফেলে।
এ কারণেই ডেটা গভর্নেন্স, ওটিটি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটি অবস্থান এড়িয়ে চলা উচিত— পরোক্ষ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সার্বোভৌমিত্ব। বৈশ্বিকভাবে সংযুক্ত একটি উন্নয়নশীল অর্থনীতির জন্য এর কোনোটিই সঠিক নয়। বাংলাদেশের অবশ্যই শক্তিশালী ডেটা গভর্নেন্স দরকার। আবার স্থানীয় ব্যবহারকারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেওয়া আন্তর্জাতিক ক্লাউড ও ওটিটি প্ল্যাটফর্মের জন্যও একটি সুস্পষ্ট কাঠামোও দরকার। তবে এই রূপান্তর হওয়া উচিত ধাপে ধাপে, ঝুঁকির বিষয় বিবেচনায় রেখে অর্থনৈতিকভাবে সুচিন্তিত। এটি হবে ডেটা সার্বভৌমত্বের দিকে ক্রমিক অগ্রযাত্রা, কোন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা তৈরি করে নয়।
ব্যক্তিগত ডেটা সুরক্ষা একটি বৈধ ও অপরিহার্য নীতি। নাগরিকরা তাদের ডেটা কীভাবে সংগ্রহ, প্রক্রিয়া ও শেয়ার হচ্ছে সে বিষয়ে অর্থবহ সুরক্ষা ও জবাবদিহিতা পাওয়ার অধিকার রাখেন। কিন্তু ডেটা সুরক্ষার নামে সেবা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। সেটা বাধ্যবাধকতা দিয়েই হোক বা অসামঞ্জস্যপূর্ণ উচ্চ কমপ্লায়েন্স খরচের কারণেই হোক। নীতি বাস্তবায়ন যদি সেবার ধারাবাহিকতাকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে বাণিজ্য, জীবিকা ও জনআস্থার ক্ষতি হবে এবং নীতিটির বৈধতাই প্রশ্নবিদ্ধ হবে।
তাই কমপ্লায়েন্স বাধ্যবাধকতার কাঠামো নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিমাত্রায় কঠোর বা অপর্যাপ্তভাবে স্তর বিভাজিত ডেটা গভর্নেন্স ছোট ও উদীয়মান ব্যবসার ওপর অদৃশ্য করের মতো প্রভাব ফেলতে পারে। বৃহৎ প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স সক্ষমতাকে কেন্দ্রে রেখে তৈরি নিয়মকানুন ছোট উদ্যোক্তাদের জন্য এমন আইনি, প্রযুক্তিগত ও প্রতিবেদনের বোঝা তৈরি করে যা তারা বহন করতে পারে না। বাংলাদেশে এটি এমন এক সময়ে স্থানীয় ডিজিটাল উদ্যোক্তাদের বিকাশকে দমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে, যখন পরিমাপযোগ্য প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দরকার। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের সুরক্ষা দেবে, একই সঙ্গে নতুন প্রবেশ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রবৃদ্ধির পথ খোলা রাখবে।
অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওকেও আরও বিস্তৃতভাবে বুঝতে হবে। বাংলাদেশে বিপিওকে কেবল প্রযুক্তি সহায়তা বা গ্রাহকসেবার কাজ হিসেবে দেখলে চলবে না। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো যখন বাংলাদেশে পোশাক, জুতা বা চামড়াপণ্য তৈরির কার্যাদেশ দেয়, তখন তারা আসলে পণ্যের পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়াও আউটসোর্স করে। পণ্যটি হয়তো ভৌত, কিন্তু ব্যবস্থাপনার স্তর ক্রমশ ডিজিটাল হয়ে যাচ্ছে যার মধ্যে স্পেসিফিকেশন, অনুমোদন, মান নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স ব্যবস্থা, যোগাযোগ চ্যানেল এবং রিয়েল-টাইম কাজের সমন্বয় অন্তর্ভুক্ত। তাই ডিজিটাল সেবায় বিঘ্ন সরাসরি রপ্তানি কার্যক্রম ও ক্রেতার আস্থায় প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোকেও একটি বৃহত্তর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। এগুলো এখন আর কেবল ভোগের মাধ্যম নয়। বাংলাদেশের ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করছেন শিক্ষা, বিপণন, এবং দক্ষতা উন্নয়নে। স্থানীয় কন্টেন্ট নির্মাতারা শুধু কন্টেন্ট উপভোগ করছেন না, তৈরিও করছেন, আয় করছেন এবং বিদেশি দর্শকদের কাছে পৌঁছাচ্ছেন। এই প্ল্যাটফর্মগুলো এখন কেবল তথ্য প্রাপ্তি বা বিনোদন নয়, স্থানীয় পণ্য ও কন্টেন্টের জন্য বাজার প্রবেশের পথ এবং বৈশ্বিক পরিচিতি পাওয়া বাংলাদেশি ব্র্যান্ডের উত্থানকেও এগিয়ে নিচ্ছে।
সাম্প্রতিক আন্তর্জাতিক অভিজ্ঞতা, বিশেষত ২০২৫ সালে নেপালের ক্ষেত্রে দেখা গেছে কঠোর ডিজিটাল নিয়ন্ত্রণ কত দ্রুত ব্যাপক প্রতিবন্ধকতায় পরিণত হতে পারে। এর মানে এই নয় যে রাষ্ট্র নিয়ন্ত্রণ করার ব্যাপারে শিথিল থাকবে, বরং এই নিয়ন্ত্রণ হতে হবে সামঞ্জস্যপূর্ণ এবং ধাপে ধাপে।
বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে বিটিআরসি এবং স্থানীয় পর্যায়ে বড় আকারে সেবা দেওয়া প্রধান ওটিটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নমনীয় কিন্তু আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা। প্রতিটি প্ল্যাটফর্মের জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি প্রতিনিধিত্ব বাধ্যতামূলক না করে একটি স্তরভিত্তিক লিয়াজোঁ কাঠামো আরও বাস্তবায়নযোগ্য হতে পারে।
জনশৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশের কন্টেন্ট পর্যবেক্ষণ ও প্রতিবেদন ব্যবস্থাকেও শক্তিশালী করা উচিত। ক্ষতিকর কন্টেন্টের বিষয়ে প্রধান প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যোগাযোগের একটি ভিত্তি দেশে ইতোমধ্যে আছে। পরবর্তী পদক্ষেপ হলো শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দ্রুততর আইনি পদক্ষেপ এবং পর্যবেক্ষণ সক্ষমতা ও প্রাথমিক সতর্কতা বাড়াতে এআই-ভিত্তিক ভুল তথ্য শনাক্তকরণ সমাধানের সম্ভাব্য ব্যবহার।
তবে বিষয়টি হতে হবে সঠিক শনাক্তকরণ, বাছাই ও সমন্বয় কাঠামো নির্ধারণের মাধ্যমে, কোনওভাবে নির্বিচার সেন্সরশিপের মাধ্যমে নয়।
একই সঙ্গে ক্ষতিকর কন্টেন্টের মোকাবিলা শুধু প্ল্যাটফর্মের কন্টেন্ট অপসারণের ওপর নির্ভর করলে চলবে না। সরাসরি উসকানি, সহিংসতা, ভাঙচুর, হুমকি ও অন্যান্য বেআইনি কাজের বিরুদ্ধে বিদ্যমান দণ্ডবিধি কার্যকর করলে সেটি অনেক সময় ক্ষতিকর কন্টেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়া ব্যবহারকারীদের মধ্যে একধরণের প্রতিরোধমূলক প্রভাব ফেলতে পারে। আর এই আইন প্রয়োগ হতে হবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক, কখনোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।
ডিজিটাল সাক্ষরতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। নাগরিকরা অনলাইনে যা পড়েন, শেয়ার করেন এবং বিশ্বাস করেন— এসব যাচাই করতে না পারলে কোনো নিয়ন্ত্রণ কাঠামোই স্থায়ী ফল দিতে পারবে না। ভুল তথ্য শনাক্তকরণ, সূত্র যাচাই, ব্যক্তিগত ডেটা সুরক্ষা এবং দায়িত্বশীলভাবে অনলাইনে আচরণ করা— এই সব বিষয়ে সর্বজনীন প্রাথমিক ডিজিটাল সাক্ষরতাকে মূল সামাজিক অবকাঠামো হিসেবে বিবেচনা করতে হবে।
শিশু সুরক্ষা নীতিতেও বাস্তববাদিতা দরকার। পরিবার, বিদ্যালয় ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকায় আসতে হবে, যেমন— নির্দিষ্ট বয়সের নিচে তত্ত্বাবধান ছাড়া মোবাইল ফোনের ব্যবহার নয়। কার্যকর প্রয়োগ ব্যবস্থা ছাড়া আইনি বিধিনিষেধ প্রায়ই প্রতীকী হয়ে যায় এবং তেমন কোনো ফলাফল আসে না। এক্ষেত্রেও অভিভাবক ও শিশু উভয়ের জন্য ডিজিটাল সাক্ষরতা আনুষ্ঠানিক বিধিমালার মতোই গুরুত্বপূর্ণ।
যেকোনো গুরুত্বপূর্ণ ডিজিটাল গভর্নেন্স পরিকল্পনায় অবকাঠামো নীতিকেও অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের চাপ কমাতে, লেটেন্সি উন্নত করতে এবং সেবার মান বাড়াতে আরও বেশি আর্থিক সক্ষমতা দরকার। তবে বৃহৎ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক স্থানীয় আইএসপিতে আলাদা আলাদা ব্যবস্থা বাণিজ্যিকভাবে সম্ভব নাও হতে পারে। আইআইজি মানের গেটওয়ে লাইসেন্সিধারীদের স্তরে বা এনআইএক্স ধরনের নোডের মতো প্রধান এক্সচেঞ্জ পয়েন্টগুলোতে ক্যাশ স্থাপন আরও কার্যকর মডেল হতে পারে।
জাতীয় সীমানার মধ্যে ডেটা স্থানান্তরও জোর-জবরদস্তির চেয়ে প্রতিযোগিতামূলক সুবিধার মাধ্যমে বেশি সফল হওয়ার সম্ভাবনা রাখে। স্থানীয় ক্লাউড ও ডেটা হোস্টিং সেবা যদি নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী হয়, তাহলে পরিবর্তন স্বাভাবিকভাবেই ঘটবে। সরকার এই রূপান্তরে সহায়তা করতে পারে লক্ষ্যভিত্তিক প্রণোদনার মাধ্যমে— যেমন কর ছাড়।
ডেটা সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্রকে বাধ্য করার আগে নিজে নেতৃত্ব দিতে হবে। সরকারি সংস্থাগুলো স্থানীয় ক্লাউড অবকাঠামোয় নিজস্ব ডোমেইনে আনুষ্ঠানিক ই-মেইল ব্যবস্থায় যাওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক সমন্বয়ের জন্য অভ্যন্তরীণ ইনস্ট্যান্ট মেসেজিং চালু করতে পারে। এটি বিশেষ আবেদন তৈরি করবে, স্থানীয় সক্ষমতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে।
বাংলাদেশের শক্তিশালী ডিজিটাল গভর্নেন্স দরকার। তবে দরকার এমন গভর্নেন্স যা নাগরিকদের সুরক্ষা দেবে, প্রতিযোগিতামূলক সক্ষমতা অক্ষুণ্ণ রাখবে এবং কাঠামোগত রূপান্তরে সহায়তা করবে। বৈশ্বিকভাবে সংযুক্ত উন্নয়নশীল অর্থনীতিতে এসব নীতির বাস্তবায়ন কোনওভাবে শিথিল নিয়ন্ত্রণ নয় বরং এটি একধরণের নৈপুণ্য।
আবু নাজম ম তানভীর হোসেন: পাবলিক পলিসি অ্যাডভোকেট

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে