Views Bangladesh Logo

কারিগরি শিক্ষা বোর্ডের ৩৬০ ঘণ্টার সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের ৩৬০ ঘণ্টার জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সেশনের শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। তিন মাস মেয়াদি এ শিক্ষাক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বোর্ড।

সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার সুযোগ থাকছে ৩১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট সম্পন্ন করে রেজিস্ট্রেশন চূড়ান্ত করতে হবে।

বোর্ডের সময়সূচি অনুযায়ী, রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে পারবে। একই সময়ে নির্ধারিত মানের এ৪ সাইজের ১০০ জিএসএম অফসেট রঙিন কাগজে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করার সুযোগ থাকবে।

রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীপ্রতি মোট ৪৫০ টাকা ফি নির্ধারণ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, পরীক্ষা ফি ৩০০ টাকা এবং সনদপত্র ফি ১০০ টাকা। বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানে এ কোর্সে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা জেএসসি কিংবা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে।

একেকটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। এর মধ্যে ৪০ জন নিয়মিত শিক্ষার্থী এবং ১০ জন ড্রপআউট শিক্ষার্থীর জন্য আসন রাখা যাবে। তবে কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচজনের কম হলে সংশ্লিষ্ট ট্রেডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানের সব বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা বাধ্যতামূলক।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি নির্ধারিত ই-সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী btebesheba.gov.bd ই-সেবা প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। বোর্ডের স্বল্পমেয়াদি কোর্সসংক্রান্ত নোটিশ তালিকাতেও এ ধরনের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ