Views Bangladesh Logo

ভারী বৃষ্টির আশঙ্কায় সৌদি আরবের মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র বুধবার সর্বোচ্চ মাত্রার সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। সৌদি সিভিল ডিফেন্স এই সতর্কবার্তা প্রকাশ করে অঞ্চলটির সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জনগণকে সতর্ক করেছে।

বৃষ্টিপাতের সময় সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স। নিরাপত্তার স্বার্থে জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

লাল সতর্কতা হলো দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কবার্তা, যা চরম সতর্কতার প্রয়োজন এমন আবহাওয়ার উপস্থিতিতে জারি করা হয়ে থাকে।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশে অস্থিতিশীল আবহাওয়া এবং বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস।

সতর্ক বার্তায়, বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ