একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রেকর্ডসংখ্যক রোগী, মৃত্যু ২
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মশাবাহিত এ রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে এটি চলতি বছরে সর্বোচ্চ।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৪ আগস্ট ২৪ ঘণ্টায় ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল অধিদপ্তর। মাত্র পাঁচ দিনের ব্যবধানে সেই সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন রোগীদের যুক্ত করে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে। এর মধ্যে গত একদিনে বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনই পুরুষ।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৯০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ অঞ্চলে এ পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও প্রতিদিন বাড়ছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর ও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন