Views Bangladesh Logo

এসএসসি পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনঃনিরীক্ষণের (পুনর্মূল্যায়ন) জন্য রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন জানিয়েছে। এক বা একাধিক বিষয়ে চ্যালেঞ্জ করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। বিপুল সংখ্যক আবেদনের কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে কিছুটা আশঙ্কা দেখা দিলেও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নির্ধারিত তারিখেই ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য ১০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা। আশা করছি শিক্ষার্থীরা সেদিনই ফল পাবে। তবে কোনো কারণে ফল প্রকাশে সামান্য বিলম্ব হলেও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় পাবে।’

শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা না করার আহ্বান জানান তিনি।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট মধ্যরাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শেষ হয়। এই সময়ে ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

জমা পড়া মোট আবেদনের মধ্যে লিখিত পরীক্ষার জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন রয়েছে।

বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এখান থেকে ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি বিষয়ে চ্যালেঞ্জ করেছেন।

এছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহে ২৭,৬৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার এবং কারিগরি বোর্ডে ২০ হাজারের বেশি শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন জানিয়েছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ