ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা 'ব্যর্থ' হওয়ার কারণ কী
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমার পরিবর্তে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক শর্তাবলি নিয়ে একমত হতে পারেনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, আলোচনার মূল বাধা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও বাধ্যতামূলক প্রতিশ্রুতি না দেওয়া। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটন চেয়েছিল ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন নিশ্চিত অঙ্গীকার।
অন্যদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা বাস্তবসম্মত নয় এবং তাদের সার্বভৌম নীতির সঙ্গে সাংঘর্ষিক। তেহরানের মতে, এসব শর্ত আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করেছে।
আলোচনায় হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ও উঠে আসে, যা দুই পক্ষের মধ্যে মতবিরোধ আরও বাড়িয়ে দেয়।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া সম্ভব নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে কঠোর।
সব মিলিয়ে পারস্পরিক আস্থার ঘাটতি, কঠোর অবস্থান এবং পরস্পরবিরোধী দাবি এই আলোচনাকে শেষ পর্যন্ত ব্যর্থ করে দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে