Views Bangladesh Logo

রিয়াল মাদ্রিদ ১০৬, বার্সেলোনা ১০৬

একদিকে সাদা রাজত্ব, অন্যদিকে নীল-লাল বিদ্রোহ। একদিকে মাদ্রিদের অহংকার, অন্যদিকে কাতালান আত্মপরিচয়। মাঝখানে একটি ফুটবল—আর তাকে ঘিরেই প্রায় এক শতাব্দীর গল্প। কত রাত পেরিয়েছে, কত তারকা এসেছেন-গেছেন, কত গোলের পর গ্যালারি ফেটে পড়েছে উল্লাসে; তবু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ের গল্প যেন শেষ হওয়ার নয়।

এই গল্পের নাম এল ক্লাসিকো

এল ক্লাসিকো মানেই শুধু ৯০ মিনিট নয়। এটি কখনো রাজত্ব বনাম বিদ্রোহ, কখনো ইতিহাস বনাম বর্তমান, কখনো আবার দুই ফুটবল-দর্শনের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া। আর সেই দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে এখন এমন এক মুহূর্ত—যেখানে দুজনের হাতেই সমান তলোয়ার।

রিয়াল মাদ্রিদ ১০৬। বার্সেলোনা ১০৬

হিসাবটা অবিশ্বাস্য হলেও সত্যি। অফিসিয়াল ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ২৬৪ বার। রিয়ালের জয় ১০৬টি, বার্সেলোনারও ১০৬টি। বাকি ৫২ ম্যাচে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয়নি। অর্থাৎ এত বছরের প্রতিদ্বন্দ্বিতায়, এত গোলের উন্মাদনায়, এত তারকার আলো-ছায়ায় শেষ পর্যন্ত জয়সংখ্যার পাল্লা এসে থেমেছে ঠিক মাঝখানে।

তবে গল্পটা একটু খুঁটিয়ে দেখলে সমতার মধ্যেও পাওয়া যায় দুই দলের আলাদা আলাদা আধিপত্য।

লা লিগায় ১৯২ দেখায় রিয়ালের জয় ৮০টি আর বার্সেলোনার ৭৭টি। ৩৫ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। অর্থাৎ স্পেনের ঘরোয়া লিগে রিয়াল সামান্য এগিয়ে।

কোপা দেল রেতে আবার ছবিটা বদলে ভিন্ন। ৩৬ ম্যাচে বার্সেলোনা জিতেছে ১৬টি, রিয়াল ১৩টি। সাতটি ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। যেন এক প্রতিযোগিতায় মাদ্রিদের রাজদণ্ড, অন্যটিতে কাতালানদের উত্তাল পতাকা।

ইউরোপের মঞ্চের গল্পেও দুদলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। চ্যাম্পিয়ন্স লিগে আটবার মুখোমুখি হয়ে রিয়ালের জয় তিনটি, বার্সেলোনার দুটি; তিনটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। স্প্যানিশ সুপার কাপ ও অন্যান্য প্রতিযোগিতায় ২৮ ম্যাচে বার্সার জয় ১১টি, রিয়ালের ১০টি, ড্র সাতটি।

সংখ্যার এই ওঠানামাই এল ক্লাসিকোর সৌন্দর্য। এখানে কোনো রাজত্ব চিরস্থায়ী নয়। এক যুগে একজনের উল্লাস, পরের যুগে অন্যজনের প্রতিশোধ। আজ যে এগিয়ে, কাল তার ঘাড়ের কাছে প্রতিপক্ষের নিঃশ্বাস।

নতুন লা লিগা মৌসুমেও তাই পুরোনো গল্পের নতুন অধ্যায়। রিয়াল শুরু করেছে তিন ম্যাচে তিন জয় দিয়ে। বার্সেলোনাও দুই ম্যাচে দুই জয় নিয়ে ছুটছে। পয়েন্ট টেবিলের লড়াই সামনে আরও তীব্র হবে, কিন্তু সবার চোখ থাকবে সেই একটি ম্যাচে— মৌসেুমের প্রথম এল ক্লাসিকোতে। কারণ সেদিন শুধু তিন পয়েন্টের হিসাব হবে না। হয়তো ইতিহাসের খাতায় বদলে যাবে একটি সংখ্যা। ১০৬ থেকে ১০৭। কে আগে যাবে? ড্র-ও হতে পারে। উত্তরটা এখনো অজানা।


তবে একটি সত্য আজ স্পষ্ট—এল ক্লাসিকোর দীর্ঘ মহাকাব্যে দুই প্রতিদ্বন্দ্বী আবারও পাশাপাশি দাঁড়িয়ে। রিয়াল মাদ্রিদ ১০৬। বার্সেলোনা ১০৬।


এবার অপেক্ষা শুধু পরের লড়াইয়ের। কারণ এই দ্বৈরথে ইতিহাস কখনো থেমে থাকে না—প্রতিটি এল ক্লাসিকোই নতুন করে ইতিহাস লেখে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ