Views Bangladesh Logo

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
সিনিয়র রিপোর্টার
ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে স্বাভাবিক করার চেষ্টার মধ্যে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা।

বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন ঢাকায় এসেছেন বলে সরকারের একটি সূত্র জানিয়েছে। তবে তার সফর কিংবা আলোচনার বিষয়বস্তু নিয়ে ঢাকা বা নয়াদিল্লি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈন। তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ঢাকায় ভারতীয় প্রতিনিধি দলটি রাজধানীর একটি হোটেলে আছেন বলে জানা গেছে।

পরাগ জৈনের ঢাকা সফরের আগে তার চীন সফরটি এই সফরের আঞ্চলিক প্রেক্ষাপটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে চীনে তিনি কী নিয়ে আলোচনা করেছেন কিংবা বেইজিং থেকে ঢাকায় আসার মধ্যে কোনো কূটনৈতিক যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।

তবে সামগ্রিক আঞ্চলিক বাস্তবতায় ভারত ও বাংলাদেশের সম্পর্কের সঙ্গে চীনের বিষয়টি বরাবরই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত যোগাযোগে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যে দিল্লির কাছে ঢাকার সঙ্গে নিরাপত্তা ও কৌশলগত যোগাযোগের গুরুত্বও নতুন করে সামনে এসেছে।

এদিকে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর যে টানাপড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা ও নয়াদিল্লি একাধিক পর্যায়ে যোগাযোগ বাড়িয়েছে। দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও উচ্চপর্যায়ে যোগাযোগ হয়েছে।

সম্পর্ক পুনর্গঠনের এই প্রক্রিয়ায় অবশ্য অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যুও রয়েছে। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার দাবি এবং এ নিয়ে নয়াদিল্লির আইনি প্রক্রিয়া পর্যালোচনার বিষয়টি দুই দেশের সম্পর্কে বড় সংবেদনশীল ইস্যু হয়ে আছে। একই সময়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ঘিরে ঢাকার অসন্তোষও প্রকাশ্যে এসেছে।

এর মধ্যেই ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফরকে তাই শুধু একটি নিরাপত্তা যোগাযোগ হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক মেরামত, নিরাপত্তা সহযোগিতা পুনর্গঠন এবং আঞ্চলিক পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসেবেও এর তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারির পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ