যুক্তরাষ্ট্রের অভিযোগের পর প্রথমবার জনসম্মুখে রাউল কাস্ত্রো
যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগ দায়ের হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোকে। শুক্রবার রাজধানী হাভানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন ৯৫ বছর বয়সী এই প্রবীণ নেতা।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।
অভিযোগের সূত্রপাত ১৯৯৬ সালের একটি ঘটনার জেরে। সে সময় নির্বাসিত কিউবানদের পরিচালিত দুটি ছোট বিমান কিউবার সামরিক বাহিনীর যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। এতে চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক এবং একজন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা।
ওই ঘটনার সময় রাউল কাস্ত্রো কিউবার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তার নির্দেশেই বিমান দুটি ভূপাতিত করা হয়েছিল। প্রায় তিন দশক পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে।
রাউল কাস্ত্রো কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ভাই। দুই ভাই দীর্ঘ সময় ধরে কিউবার কমিউনিস্ট শাসনের নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক বহু দশক ধরে বৈরিতাপূর্ণ।
২০১৮ সালে রাউল কাস্ত্রো প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়েন এবং ২০২১ সালে ক্ষমতাসীন কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান।
বিশ্লেষকদের মতে, কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই ওয়াশিংটন এই মামলা সামনে এনেছে। যদিও ১৯৯৬ সালের ঘটনার পর যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তবে এতদিন রাউল বা ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হাভানার এক সমাবেশে রাউল কাস্ত্রোকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মার্কিন বিচার বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে