Views Bangladesh Logo

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।

রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তারেক রেজা লেখেন, রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়ার পর ছাত্রশিবির তাঁকে অন্য একজনের জন্য প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলেছিল। এরপর তিনি সংগঠনটি ছেড়ে দেন বলে দাবি করেন তারেক রেজা।

তিনি আরও লেখেন, সাবেক শিবির নেতাদের মধ্যে এমন প্রবণতা নতুন নয়।

নিজের দাবির পক্ষে একটি ঘটনার উল্লেখ করে তারেক রেজা লেখেন, আবরার ফাহাদ হত্যার খবর জানাজানি হওয়ার দিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান।

তারেক রেজার ভাষ্য অনুযায়ী, নুরুল হক নুর প্রথমে কিছুটা সন্দিহান ছিলেন। তবে খোঁজখবর নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে, রাশেদ খাঁন কর্মসূচির বিষয়ে আপত্তি জানান।

এনসিপির এই নেতা দাবি করেন, রাশেদ খাঁনের আশঙ্কা ছিল, আবরার ফাহাদ ছাত্রশিবিরের সদস্য হতে পারেন। সে ক্ষেত্রে তাঁর হত্যার প্রতিবাদে কর্মসূচি দিলে ক্ষতি হতে পারে বলেও তিনি মনে করেছিলেন।

তারেক রেজা আরও লেখেন, তাঁর পরামর্শ না মেনে কর্মসূচি ঘোষণা করা হলে রাশেদ খাঁন ছাত্র অধিকার পরিষদের এক নেতাকে ফোন করে বলেছিলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।’

তবে তারেক রেজার ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে পরে রাশেদ খাঁনও সেখানে উপস্থিত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ