Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খান

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সবার দোয়া চাই।’

এর আগে রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, ততদিন তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে রাশেদ খান লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ