Views Bangladesh Logo

‘আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করলেন রাশেদ খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে এসে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে পত্রিকাটির কয়েকটি প্রতিবেদনের সমালোচনা করে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ভিডিওতে রাশেদ খান অভিযোগ করেন, তাঁকে নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনের মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। গত ১৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা-সহকারীরা কী করছেন?’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ বলেন, ওই প্রতিবেদনের পঞ্চম পাতায় তাঁকে নিয়ে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরছেন। তাঁর দাবি, তাঁকে নিয়ে মাত্র দুই লাইন লেখার জন্যই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন নিয়েও আপত্তি জানান তিনি। রাশেদ খানের অভিযোগ, বিএনপিতে যোগ দেওয়ার পরও তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর ছবি প্রকাশ করে তাঁকে আওয়ামী লীগের তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

ভিডিওতে জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়েও কথা বলেন রাশেদ। তিনি দাবি করেন, এ বিষয়ে তাঁর বক্তব্যের সত্যতা যাচাইয়ে জামায়াতকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। দলটি তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, জামায়াত তদন্ত কমিটি গঠন করে তাঁর কাছ থেকে তথ্য চাইলে তিনি সহযোগিতা করতে প্রস্তুত।

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি একসময় শ্রদ্ধা ছিল উল্লেখ করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনিও নিপীড়নের শিকার হয়েছেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর মতো একজনের বিরুদ্ধে এ ধরনের ট্যাগিং করা গ্রহণযোগ্য নয়।

প্রতিবেদনগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রাশেদ খান। তবে তাঁর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে পত্রিকাটির বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ