Views Bangladesh Logo

পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন অভিযোগ করেন, ডা. শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি আন্দোলনরত পোশাকশ্রমিকদের সহিংসতা ও অগ্নিসংযোগে উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায়ে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা উচিত। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অগ্নিসন্ত্রাসের যে ঘটনা ঘটেছে, এর দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। অগ্নিসন্ত্রাসে উসকানিদাতা হিসেবে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে, এর পেছনে রয়েছে জামায়াত। জামায়াত তাদের উসকানি দিচ্ছে। সুতরাং আমি মনে করি, অগ্নিসন্ত্রাসের দায়ে জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা উচিত। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

রাশেদ খাঁন বলেন, ‘লংমার্চে বক্তব্য দিলেন, সবকিছু তছনছ করে দেওয়া হবে। এখন আবার ফেসবুকে পোস্ট করেছেন, সরকারকে কঠোর হতে হবে। আপনি লংমার্চ থেকে বললেন, সবকিছু তছনছ করে দেওয়া হবে। এখন আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, আপনি বলছেন কঠোর হতে হবে। সেই সময় মনে ছিল না? সারা দেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, এর দায় কোনোভাবেই জামায়াতের আমির এড়াতে পারেন না।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ