১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে ইউরোপজুড়ে
আকাশপ্রেমীদের জন্য আসছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর এটিই হবে বিশ্বজুড়ে দৃশ্যমান প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দীর্ঘ বিরতির পর ইউরোপের মূল ভূখণ্ড থেকেও এমন দৃশ্য দেখা যাবে, যা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৯ সালে।
গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার বিকেল ৩টা ৩৪ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এরপর চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে দ্রুত এগিয়ে যাবে। পূর্ণগ্রাসের সবচেয়ে আকর্ষণীয় পর্যায়টি কোনো কোনো অঞ্চলে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হতে পারে। এ সময় চাঁদ সূর্যের পুরো চাকতি ঢেকে ফেলায় দিনের আকাশেও অন্ধকার নেমে আসবে।
পূর্ণগ্রাসের মূল পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগাল এবং উত্তর স্পেনের ওপর দিয়ে যাবে। স্পেনের বেশ কয়েকটি শহর থেকে এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। এর মধ্যে লিওন, বুর্গোস, ভায়াদোলিদ, সানতান্দের, বিলবাও, জারাগোজা, ভ্যালেন্সিয়া ও পালমার নাম উল্লেখযোগ্য। স্পেনে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২৭ মিনিটের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে পূর্ণগ্রাস শুরু হতে পারে। স্থানভেদে এর স্থায়িত্ব হবে সর্বোচ্চ প্রায় ১১০ সেকেন্ড। তবে মাদ্রিদ ও বার্সেলোনা পূর্ণগ্রাসের মূল পথের বাইরে থাকলেও সেখান থেকে সূর্যের ৯৯ শতাংশের বেশি অংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, পূর্ণগ্রাসের পথের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করেন, যাদের বড় অংশই স্পেনের নাগরিক। এর বাইরে বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক গ্রহণ দেখা যাবে। সব মিলিয়ে প্রায় ৯৮ কোটি মানুষ এই মহাজাগতিক ঘটনার কোনো না কোনো পর্যায় প্রত্যক্ষ করার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আটকে দিলে সূর্যগ্রহণ হয়। চাঁদ যখন সূর্যের সম্পূর্ণ চাকতি ঢেকে ফেলে, তখন সেটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। সূর্যের ব্যাস চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বড় হলেও সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে থাকায় আকাশে দুটিকে প্রায় একই আকারের মনে হয়। এই বিশেষ জ্যামিতিক অবস্থানের কারণেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটতে পারে। এগুলোর মধ্যে রয়েছে আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস ও সংকর গ্রহণ। তবে কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা অত্যন্ত বিরল। তাই ১২ আগস্টের এই গ্রহণ ঘিরে ইতিমধ্যে জ্যোতির্বিজ্ঞানী, আকাশ পর্যবেক্ষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মতামত দিন