কারাগারে ধর্ষণ মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের স্বজনদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে এবং কাজীর মাধ্যমে রেজিস্ট্রি করে বিয়েটি সম্পন্ন হয়। এ সময় জ্যেষ্ঠ কারা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল ফরহাদ জানান, যাত্রাবাড়ী থানার ধর্ষণ মামলায় কারাগারে রয়েছেন আসামি তরিকুল ইসলাম (২৬)। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারেই বিয়ের আদেশ দেন এবং বিয়ে সম্পাদনের শর্তে জামিনও মঞ্জুর করেন। তবে বিয়ের কাগজপত্র আদালতে দাখিল না হওয়া পর্যন্ত তরিকুলকে কারাগারেই থাকতে হবে।
কারাসূত্রে জানা গেছে, তরিকুল দোকানে কাজ করেন এবং কনে (৩৫) একটি ডেন্টাল চেম্বারের সহকারী। দুজনেরই আলাদা সংসার থাকলেও তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তরিকুল আপত্তি জানান। সম্পর্কের অবনতি হলে ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে ডিএনএ পরীক্ষায় অভিযোগের সত্যতা মেলে। একপর্যায়ে দুই পক্ষ বিয়ের মাধ্যমে সমঝোতায় রাজি হলে আইনজীবী বিষয়টি আদালতকে জানান। তখন বিচারক বিয়ের আদেশ দেন এবং কাগজপত্র দাখিলের শর্তে জামিন মঞ্জুর করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে