রংপুরে মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল
রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী পীরের অনুসারী ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন মাসুদ রানা ও লিটন মিয়া।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড় এলাকায় নিজ বাড়ির দরবার শরিফে রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন তার ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ জানায়, ধর্মীয় মতাদর্শগত বিরোধের জেরে জেএমবির সদস্যরা রহমত আলীকে হত্যা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দেন।
পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে। শুনানি শেষে আজ আদালত মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং বাকি পাঁচ আসামিকে খালাস দেন।
মতামত দিন