রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা, জানালেন প্রতিক্রিয়া
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা, সেই সঙ্গে এই রায় দ্রুত কার্যকর করার দাবিও জানান তিনি।
রোববার (৭ জুন) দুপুরে সাংবাদিকরা রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে অনুভূতির কথা জানতে চাইলে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা এই অনুভূতির কথা ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রায়ে শতভাগ খুশি।’
রায়ের প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, এই রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা; সেটা আমি পেয়েছি। ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমত ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।
তিনি বলেন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা, যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে মানসিকভাবে সহায়তা করেছেন সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। অবশ্যই আমি আমার মেয়ের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর দেখতে চাই।
এর আগে একই দিনে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত মামলার রায় ঘোষণা করেন। বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
আদালতের রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়েরও নির্দেশ দেন আদালত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে