রামিসা হত্যা: ডিএমপি কমিশনারকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইনমন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।
এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে। প্রধান আসামি সোহেল রানা প্রথমে আত্মগোপনে গেলেও ওই দিন সন্ধ্যায় তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে