ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়েতে সম্মাননায় রাকেশ রাকিব
আলো আর মুহূর্তকে নিজের মতো করে ক্যামেরাবন্দি করাতেই তৃপ্তি খুঁজে পান ফ্যাশন ফটোগ্রাফার রাকেশ রাকিব। বরিশালে জন্ম ও বেড়ে ওঠা এই আলোকচিত্রী দীর্ঘ সময় ধরে ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন। শুরুটা সহজ ছিল না, তবে ধৈর্য ও একাগ্রতা তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি।
পেশাগতভাবে তিনি একজন ফ্যাশন ফটোগ্রাফার। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েডিং ফটোগ্রাফিতে সক্রিয় থাকলেও ধীরে ধীরে ফ্যাশন ফটোগ্রাফিই হয়ে ওঠে তার মূল কাজের ক্ষেত্র। প্রাকৃতিক আলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
বরিশালের সীমিত সুযোগ থেকে ঢাকায় এসে নিজেকে প্রতিষ্ঠা করা ছিল তার ক্যারিয়ারের বড় চ্যালেঞ্জ। সে সময় ফটোগ্রাফি অঙ্গন এতটা বিস্তৃত ছিল না, কাজের সুযোগও ছিল কম। তবু নিরবচ্ছিন্ন পরিশ্রম ও আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়েছে। গত ষোলো বছরে ধারাবাহিক কাজের মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
তার এই পথচলায় নতুন স্বীকৃতি যুক্ত হয় ১৭ ফেব্রুয়ারি আয়োজিত ‘ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়ে’ অনুষ্ঠানে। সেখানে ফ্যাশন ফটোগ্রাফিতে অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সহকর্মী ও অতিথিদের করতালিতে মুহূর্তটি হয়ে ওঠে তার জন্য বিশেষ অর্জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে