Views Bangladesh Logo

সোহরাওয়ার্দী উদ্যানে রাজীব শাহের কথিত ‘ভাসমান মসজিদ’ উচ্ছেদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া রাজীব শাহের কথিত ‘ভাসমান মসজিদ’ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে স্থাপনাটি অপসারণ করা হয়।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মধ্যবর্তী স্থানে অস্থায়ীভাবে নির্মিত ওই স্থাপনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। সেখানে ইট দিয়ে মেঝে তৈরি করে কার্পেট ও জায়নামাজ বিছানো হয়েছিল। ওপরে ত্রিপল টানিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়া অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও নির্মাণ করা হয়েছিল।

উচ্ছেদ অভিযানের সময় কর্তৃপক্ষ সেখানে কয়েকটি পবিত্র কোরআন শরিফ, রেহেল, কোরআনের বাংলা অনুবাদের কপি এবং কয়েকটি ট্রাংক উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও উদ্যানের ভ্রাম্যমাণ পানি বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, প্রায় নয় মাস আগে রাজীব শাহ নামে এক ব্যক্তি সেখানে বসবাস শুরু করেন। পরে তিনি ওই স্থানে ধান ও বিভিন্ন ধরনের ফুলগাছ রোপণ করেন। পাশাপাশি নিজের থাকার জন্য একটি ছোট অস্থায়ী ঘরও নির্মাণ করেন।

কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া সরকারি জায়গা দখল করে এ ধরনের স্থাপনা নির্মাণ করায় যৌথ অভিযানের মাধ্যমে সেটি উচ্ছেদ করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আটক বা মামলার তথ্য জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ