Views Bangladesh Logo

ভারতের উত্তরাখণ্ডে বৃষ্টি ও বন্যায় নিহত ৪, নিখোঁজ ৫০

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। রাজ্যের উত্তরকাশী জেলার ধরলি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর এই বিপর্যয় ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বন্যায় ভেসে গেছে ৪০ থেকে ৫০টি ঘরবাড়ি। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “আমার চোখের সামনে একের পর এক হোটেল ও রিসোর্ট পানিতে ভেসে যায়। অথচ আগাম কোনো সতর্কবার্তাও ছিল না।”

ভিডিও ফুটেজে দেখা গেছে, পাহাড়ি ঢল আর প্রবল স্রোতে ধসে পড়ছে ঘরবাড়ি ও স্থাপনা।

ধারণা করা হচ্ছে, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধরলি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটননির্ভর ওই এলাকায় বহু হোটেল, রেস্তোরাঁ ও পর্যটনকেন্দ্র ছিল।

ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে একটি সেনা ক্যাম্প ও উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ