কেজরিওয়ালের দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা
আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডা ঘোষণা দিয়েছেন, তিনি দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন। তার সঙ্গে এএপির রাজ্যসভার বড় একটি অংশের সদস্যও যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে সাবেক ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভা সদস্য হরভজন সিংও রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দলপ্রধান অরবিন্দ কেজরিওয়ালের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই চাড্ডাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চাড্ডা বলেন, রাজ্যসভায় থাকা এএপির ১০ জন সদস্যের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ বিজেপিতে যোগ দেবেন। তার অভিযোগ, দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসা দলটি এখন সৎ রাজনীতি থেকে সরে গেছে।
তিনি বলেন, বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত আমরা লিখিতভাবে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি।
অন্যদিকে, এএপি অভিযোগ করেছে—চাড্ডা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেজরিওয়ালও বিজেপির সমালোচনা করে বলেন, তারা পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
তবে এই দলবদল ভারতের দলত্যাগবিরোধী আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে না। কারণ, আইনে বলা আছে—কোনো দলের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতা একসঙ্গে অন্য দলে যোগ দিলে তা বৈধ হিসেবে বিবেচিত হয়।
চাড্ডা জানান, হরভজন সিং ও স্বাতি মালিওয়ালসহ আরও কয়েকজন বিজেপিতে যোগ দিচ্ছেন। এ তালিকায় রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহনি, অশোক মিত্তল এবং সন্দীপ পাঠকের নামও রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে চাড্ডাকে রাজ্যসভায় উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর দলটি রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করে, তাকে দলীয় কোটায় বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে। এএপির অভিযোগ, পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের অবস্থানের সঙ্গে না থাকা এবং বিভিন্ন বিষয়ে ভিন্ন অবস্থান নেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে