মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা
হামলা, লুটপাট ও ভাঙচুরের পর এবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করে সেখানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড টানান।
এদিকে হামলা ও ভাঙচুরের দাগ না শুকাতেই ক্লিনিকে শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। তবে এমন পরিস্থিতিতেও থেমে নেই চিকিৎসাসেবা; ভেতরে নিয়মিত সেবাদানের পাশাপাশি ভিড় সামলাতে বাইরে চেয়ার-টেবিল বসিয়েও জরুরি চিকিৎসাকার্যক্রম চালু রেখেছেন স্বাস্থ্যকর্মীরা।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
মতামত দিন