Views Bangladesh Logo

ইরান সংঘাত: যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এবার বিকল্প পথে হাঁটছে কাতার। নিজস্ব জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের বিষয়ে আলোচনা শুরু করেছে দেশটি।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে উৎপাদনে থাকা এলএনজি কেন্দ্রগুলোর পাশাপাশি নির্মাণাধীন প্রকল্প থেকেও গ্যাস আমদানির কথা বিবেচনা করছে দোহা।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবার নিজ অঞ্চলের বাইরে থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিল কাতার।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর চরম নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারের এলএনজি পরিবহন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। অথচ যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারের মোট এলএনজি চাহিদার প্রায় ২০ শতাংশ একাই জোগান দিত দেশটি।

গত ফেব্রুয়ারির শেষভাগে যুদ্ধ ছড়িয়ে পড়ার আগে নিজেদের বিখ্যাত ‘রাস লাফান’ এলএনজি কেন্দ্রের উৎপাদন ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছিল কাতার। তবে এক হামলায় কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিগ্রস্ত ওই স্থাপনা পুরোপুরি সংস্কার করতে অন্তত তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। অন্যদিকে ইরান ও কাতারের মধ্যকার এ সংঘাত সহজে মেটার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে টেক্সাসের ‘গোল্ডেন পাস’ এলএনজি টার্মিনালে নিজেদের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চাইছে কাতার। গত এপ্রিলে চালু হওয়া এই কেন্দ্রটি বর্তমানে তাদের উৎপাদন ধীরে ধীরে বাড়াচ্ছে। এছাড়া কাতারের নিজস্ব ট্রেডিং কোম্পানিগুলোও চুক্তি ও পরিবহনের সক্ষমতা বৃদ্ধি করে মার্কিন এলএনজি বাণিজ্যে নিজেদের অবস্থান জোরদার করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ