Views Bangladesh Logo

২৪ ঘণ্টার বেশি আকাশে, যেভাবে রচিত হলো বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের ইতিহাস

অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্স পরীক্ষামূলকভাবে পরিচালিত এক বিরতিহীন ফ্লাইটের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে। মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ২৫ মিনিট আকাশে উড়ে বিমানটি বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের রেকর্ড গড়ে। আগামী বছর থেকে চালু হতে যাওয়া বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক নন-স্টপ ফ্লাইটের প্রস্তুতির অংশ হিসেবে বিশেষভাবে তৈরি এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজটি ব্যবহার করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই ঐতিহাসিক ফ্লাইটটি বিশ্বের প্রায় ৩৬ লাখ মানুষ অনলাইনে অনুসরণ করেছেন। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইট। এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইট সবচেয়ে বেশি অনুসরণ করা হয়েছিল।

পরীক্ষামূলক কার্যক্রমের প্রথম ধাপে বিমানটি ২৩ জুলাই ফ্রান্সের তুলুজ থেকে উড্ডয়ন করে ১৯ ঘণ্টা ১৩ মিনিট পর মেলবোর্নে পৌঁছায়। এরপর ২৭ জুলাই মেলবোর্ন থেকে ফের যাত্রা শুরু করে ২৮ জুলাই ২৪ ঘণ্টা ২৫ মিনিট পর বিরতিহীনভাবে তুলুজে অবতরণ করে। এই যাত্রায় বিমানটি প্রায় ১২ হাজার ৪৬০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করে। এর রুট ছিল প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে।

কান্তাসের ‘প্রজেক্ট সানরাইজ’-এর জন্য এয়ারবাস এই বিশেষ উড়োজাহাজ তৈরি করেছে। ২০২৭ সাল থেকে সিডনি-লন্ডন ও সিডনি-নিউইয়র্কের মধ্যে বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে কান্তাসের। এ জন্য তারা ইতোমধ্যে ১২টি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজের অর্ডার দিয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে এসব ফ্লাইটের বুকিং শুরু হবে।

ফেরার পথে বিমানে ছিলেন এয়ারবাসের তিনজন পরীক্ষামূলক পাইলট, পাঁচজন প্রকৌশলী এবং কান্তাসের দুজন পাইলট। চার ঘণ্টার শিফটে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতি দুই ঘণ্টা পরপর ক্রু পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়, যাতে দায়িত্ব হস্তান্তর নির্বিঘ্ন হয়। পাইলটদের বিশ্রামের জন্য বিশেষ ‘টুইন ফ্লাইট ক্রু রেস্ট কম্পার্টমেন্ট’ এবং অতিরিক্ত ২০ হাজার ৯০০ লিটার ধারণক্ষমতার জ্বালানি ট্যাংক সংযোজন করা হয়েছে, যা বিমানের উড্ডয়ন সক্ষমতা আরও বাড়িয়েছে।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক বিরতিহীন ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইন্স, যার ফ্লাইট সময় ১৮ থেকে ১৯ ঘণ্টা। তবে কান্তাস ভবিষ্যতে প্রায় ২১ ঘণ্টা ৪০ মিনিটের বিরতিহীন ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এসব ফ্লাইটে সর্বোচ্চ ২৩৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন, যার উল্লেখযোগ্য অংশ ফার্স্ট, বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণির জন্য বরাদ্দ থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ