Views Bangladesh Logo

ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর চলমান ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ইরানে দ্রুত যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে ফেরার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার (বাংলাদেশ সময়) রাত ৩টার দিকে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেন পুতিন। কথোপকথনে তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন।

ফোনালাপের কিছুক্ষণ পর রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে রাশিয়া। একই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে চলমান সংকটের সমাধানে শক্তি প্রয়োগের পথ পরিহার করে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে ফিরে আসার আহ্বান পুনর্ব্যক্ত করেছে মস্কো।

ক্রেমলিন আরও জানায়, ইরান ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট পুতিন। পেজেশকিয়ানের সঙ্গে আলোচনায় তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার সংগ্রামে দেশটির প্রতি রাশিয়ার পূর্ণ সংহতির কথাও উল্লেখ করেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ