Views Bangladesh Logo

বিক্ষোভে উত্তপ্ত পাঞ্জাব, মিগ-২৩ ও ট্যাংকে উঠলেন শিক্ষার্থীরা

ভারতের পাঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শিত ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে একটি সামরিক ট্যাংকের ওপরও অবস্থান করতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। জানালার কাচ, ফুলের টবসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুরের পাশাপাশি কিছু স্থাপনা ও বস্তুতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীনিবাসে থাকা এক শিক্ষার্থীকে বাইরের এক ব্যক্তি ধর্ষণ করেন। এ অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন এবং পরে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন।

মহাসড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জলন্ধর রেঞ্জের ডিআইজি নবীন সিংলা জানান, পুলিশ অভিযোগকারী শিক্ষার্থীর বক্তব্য নিয়েছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্তে ফরেনসিক তথ্য, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে। তদন্ত এগিয়ে নিতে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিংয়ের নেতৃত্বে দলটি তদন্ত পরিচালনা করবে।

পুলিশ কর্মকর্তারা জানান, ধর্ষণের অভিযোগের তদন্তের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য দাবিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দাবির মধ্যে ছাত্রীনিবাসে শুধু নারী কর্মী নিয়োগের বিষয়টিও রয়েছে।

তবে ধর্ষণের অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এলপিইউর রেজিস্ট্রার মনিকা গুলাটি শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যমের অনির্ভরযোগ্য তথ্য বিশ্বাস বা প্রচার না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছেন।

ঘটনার তদন্ত চলার মধ্যেই ক্যাম্পাসে বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ