‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে ভক্তরা পাঠিয়েছেন হাজারো শুভেচ্ছা কার্ড
কমলা রঙের একটি খেলনা ওরাংউটাংকে আঁকড়ে ধরে বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করা জাপানের ছোট্ট মাকাক বানর ‘পাঞ্চ’ জীবনের প্রথম বছর পূর্ণ করেছে। রবিবার তার প্রথম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে হাজারো শুভেচ্ছা বার্তা।
জাপানের ইচিকাওয়া সিটি জুওলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে জন্ম নেওয়া পাঞ্চকে জন্মের পরপরই মা বানর ছেড়ে চলে যায়। ক্লান্তিজনিত কারণে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই শাবকের আঁকড়ে ধরার স্বাভাবিক ক্ষমতা ধরে রাখতে চিড়িয়াখানার পরিচর্যাকারীরা তার হাতে তুলে দেন কাপড়ের তৈরি একটি প্লাশ পুতুল।
ছয় মাসের পরিচর্যার পর চলতি বছরের জানুয়ারিতে পাঞ্চকে আরও ৫০টি বানরের সঙ্গে খাঁচায় ছেড়ে দেওয়া হয়। তবে অন্য বানরগুলো তাড়া করলে সে দৌড়ে গিয়ে নিজের প্রিয় খেলনাটিকেই জড়িয়ে ধরত। গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে পাঞ্চ।
চিড়িয়াখানার প্রধান তাকাসি ইয়াসুনাগা জানান, পাঞ্চের প্রথম জন্মদিনে দেশ-বিদেশ থেকে প্রায় ২ হাজার ৫০০টি শুভেচ্ছা কার্ড এসেছে। এসব কার্ড এখন প্রদর্শনী কক্ষের দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে।
কোব শহরের বাসিন্দা কুমি ইসিজাওয়া বলেন, অসুস্থতা কাটিয়ে ওঠার পর পাঞ্চকে এক নজর দেখাই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি জানান, এখন পাঞ্চ আর শুধু সেই খেলনা আঁকড়ে থাকা একা শিশুবানর নেই; অন্য বানরদের সঙ্গে মিলেমিশে খেলাধুলা করছে।
একসময় যে ছোট্ট বানরের বেঁচে থাকার সঙ্গী ছিল একটি খেলনা পুতুল, সেই পাঞ্চ এখন বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
মতামত দিন