Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় মাদুরো দম্পতির মুক্তির দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র কর্তৃক অপহরণের এক মাস পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে।

মাদুরো দম্পতির অপহরণের প্রতিবাদে ঘোষিত বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘তাদের ফিরিয়ে দাও’ এবং ‘ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করা যাবে না’—এমন স্লোগানসংবলিত ব্যানার বহন করেন। সরকারি কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মিছিলে যোগ দেন। সংগীতবাহী ট্রাকের নেতৃত্বে কয়েকশ মিটারজুড়ে বিক্ষোভ মিছিল বিস্তৃত হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা বলেন, একটি বিদেশি বাহিনী আমাদের মাতৃভূমির মাটি অপবিত্র করেছে। ৩ জানুয়ারির অভিযানের স্মৃতি আমাদের বুকে চিরদিনের জন্য ক্ষত হয়ে থাকবে।

বিক্ষোভে অংশ নেওয়া পৌর কর্মচারী হোসে পেরদোমো বলেন, আমরা বিভ্রান্ত, দুঃখিত ও ক্ষুব্ধ। অনেক আবেগ একসঙ্গে কাজ করছে। একদিন না একদিন তাদের আমাদের প্রেসিডেন্টকে মুক্ত করতেই হবে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই বিক্ষোভ ছিল বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ। বিশ্বের বিভিন্ন দেশেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অংশ এই অপহরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে।

এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একদিকে মাদুরো সমর্থকদের চাপ এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে তিনি শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন এবং ভেনেজুয়েলার হাইড্রোকার্বন খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন। পাশাপাশি সাধারণ ক্ষমা আইনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা সংসদে উত্থাপিত হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের স্বার্থের সঙ্গে কারাকাসের অবস্থান সামঞ্জস্যপূর্ণ হলে তিনি ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশেষ করে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ