Views Bangladesh Logo

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে জড়ো শিক্ষার্থীরা

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখান থেকে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ করার ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এ অবস্থায় পরীক্ষা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য বৈষম্য সৃষ্টি করছে। তাই চলমান পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশ এবং তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ রিফাত বলেন, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকার অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তাদের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণা করা উচিত।

শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলকে কেন্দ্র করে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীনসহ আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এর আগে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ