Views Bangladesh Logo

শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন আন্দোলনকারীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের দাবি রাখা হয়নি।

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। পরে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন বাকি শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেবেন বলে জানান। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রতিনিধিদলের দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যাঁরা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবেন, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

শিক্ষার্থীরা আরও দাবি জানিয়েছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় তাদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছুটা সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে যে পরিবর্তন আনা হয়েছে—যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল—তা বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে। এ ছাড়া পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত না হন বা মানসিক চাপে না পড়েন।

এর আগে তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মিরপুর-১০ গোলচত্বর ও ইসিবি চত্বরে অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বেলা ৩টার দিকে সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে—এমন অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে দিনের কর্মসূচি শেষ করার সময় শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, রাতের মধ্যে দাবি না মানলে বুধবার 'লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচি পালন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ