Views Bangladesh Logo

শাহবাগ অবরোধ আন্দোলনকারীদের, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাংলামোটরের ফুটওভার ব্রিজ ও আশপাশের ভবনের ছাদে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয় এবং অল্প সময়ের জন্য যান চলাচল শুরু হয়। তবে শাহবাগ অবরোধ অব্যাহত থাকায় কিছুক্ষণের মধ্যেই আবার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরের পর ইন্টারকন্টিনেন্টাল মোড় ও বাংলামোটর এলাকায় আন্দোলনকারীদের জমায়েত বাড়তে থাকে।

আন্দোলনকারীরা যাতে মিন্টো রোডের ভিভিআইপি জোনে প্রবেশ করতে না পারে, সে জন্য পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোর অবস্থান নেয় এবং সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের একটি অংশকে শাহবাগের দিকে এবং অন্য অংশকে বাংলামোটরের দিকে সরিয়ে দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ