Views Bangladesh Logo

নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগ অবরোধ, সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

‘নোয়াখালীকে বিভাগ ঘোষণা’র দাবিতে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর সড়ক ছেড়েছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানান। এ সময় পুরো শাহবাগ মোড় অবরোধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে আসেন তারা। ঢাকার চকবাজার, মতিঝিল, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকা থেকে নোয়াখালীর বাসিন্দারা কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনকারীদের দাবি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসযোগে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সাউন্ড বক্সে গান ও স্লোগানের তালে আন্দোলনকারীদের অনেকে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নেন।

শাহবাগ মোড় অবরোধ থাকায় গুলিস্তান হয়ে ধানমন্ডি এবং শাহবাগ হয়ে গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকায় জরুরি সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যায়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়কের মাঝ থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ