গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
রাজধানীর খিলক্ষেতে গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শুরু হওয়া এ অবরোধে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় শতাধিক সিএনজিচালক সড়কে অবস্থান নিয়ে গ্যাস সংকটের দ্রুত সমাধানের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। ফলে এয়ারপোর্ট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
অবরোধে অংশ নেওয়া চালক মনির হোসেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা গ্যাস পাননি। এতে দৈনিক আয় ব্যাহত হচ্ছে, পাশাপাশি জমা ও অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি অংশ চলে যায়।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, গ্যাস সংকটের কারণে সিএনজিচালকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
মতামত দিন